ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের দল থেকে নাঈম শেখ ও নাহিদ রানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে এসেছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম।
টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা মাহিদুল ইসলাম এই প্রথম বাংলাদেশের হয়ে ওয়ানডে দলে ডাক পেলেন। অন্যদিকে, সৌম্য সরকার এই বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। উল্লেখ্য, আফগান সিরিজের পর চোটের কারণে ক্যারিবীয়ানদের বিপক্ষে এই সিরিজেও নেই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস।
আগামী ১৮ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। পরের দুই ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।