দাবিপূরণে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, কুড়িগ্রামে টানা কর্মবিরতি

0
46

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে কুড়িগ্রামে টানা কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, নীলারাম স্কুল অ্যান্ড কলেজ, রিভার ভিউ হাই স্কুল, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট হাই স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, এম.এ. সাত্তার উচ্চ বিদ্যালয়, বেলগাছা বরকতিয়া হাই স্কুল ও কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।

শিক্ষকরা বলেন, “শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাদের ওপর হামলা লজ্জাজনক ও অমানবিক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

কুড়িগ্রাম জেলা সভাপতি মো. আব্দুল মালেক বলেন, “শিক্ষকদের ওপর নির্যাতন করে পুরো শিক্ষক সমাজকে অপমান করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

জেলা মাধ্যমিক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই বলেন, “অবিলম্বে ২০ শতাংশ বাড়ি ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফেরা হবে না।”

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আমরা চাই শিক্ষকরা ক্লাসে ফিরে আসুন। সরকার তাদের যৌক্তিক দাবির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।”

তবে টানা কর্মবিরতির কারণে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। তারা বলেন, “একই সিলেবাসে পড়েও সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য অযৌক্তিক। এতে আমাদেরই ক্ষতি হচ্ছে।”