নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিম বোলজার মারা গেছেন

0
84

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিম বোলজার বুধবার (১৫ অক্টোবর) ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি মাওরি আদিবাসীদের সঙ্গে মূলধারার জনগোষ্ঠীর পুনর্মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার পরিবারের বিবৃতিতে জানানো হয়, গত বছর কিডনি বিকল হওয়ার পর থেকে তিনি নিয়মিত ডায়ালাইসিসে ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী জোয়ান, নয় সন্তান এবং আঠারো নাতি-নাতনি তার পাশে ছিলেন।

বোলজার ১৯৭২ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ন্যাশনাল পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৯০ সালে তার দল ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৯৮ সালে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমান প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন বলেন, বোলজার ছিলেন নীতিবান ও দৃঢ় সহকর্মী। রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তিনি ছিলেন সম্মানিত, যিনি ভিন্নমতকে কখনো ব্যক্তিগত শত্রুতায় রূপ দেননি।

তার সরকার মিশ্র আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনি পদ্ধতি চালু করে, যা এখনও বহাল আছে। এছাড়া মাওরিদের সঙ্গে উপনিবেশবাদের ক্ষতিপূরণ ও পুনর্মিলনের চুক্তি সম্পন্ন করেন তিনি।

ওয়াইকাতো তাইনুই সম্প্রদায়ের প্রধান তুকোCommons Attribution 4.0 International Licenseরাইরাঙ্গি মরগান বলেন, বোলজার নিউজিল্যান্ডকে একটি আধুনিক ও ঐক্যবদ্ধ জাতিতে রূপ দিয়েছেন, যা চিরস্মরণীয় থাকবে।

দৃঢ়প্রতিজ্ঞ রিপাবলিকান হিসেবে তিনি ব্রিটিশ রাজতন্ত্র থেকে নিউজিল্যান্ডকে মুক্ত দেখতে চেয়েছিলেন এবং ব্রিটিশ নাইটহুড প্রত্যাখ্যান করেন। পরে তাকে নিউজিল্যান্ডের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অব নিউজিল্যান্ড’-এ ভূষিত করা হয়।

তথ্যসূত্র: রয়টার্স