চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অবরুদ্ধ, আড়াই ঘণ্টা পর মুক্ত

0
28

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে আড়াই ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন। এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (সহসভাপতি) পদে ভোট কারচুপির অভিযোগ এনে ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন।

ছাত্রদলের নেতারা জানান, উপ-উপাচার্য তাদের এই পদের বিষয়ে পুনর্বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন। এ কারণে তাকে মুক্ত করা হয়েছে।

ছাত্রদলের নেতারা রাত ১টার দিকে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারানোর অভিযোগ করেন। এ সময় তারা প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনার দাবি জানান।

ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

রাত আড়াইটার দিকে পুলিশ এসে উপ-উপাচার্যকে প্রকৌশল অনুষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। তবে ভবনের ফটক থেকে বের করতেই ছাত্রদলের নেতা-কর্মীরা আবার তার পথ আটকান।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৩টি প্যানেল থেকে মোট ২৩২ পদে ৯০৮ জন প্রার্থী অংশ নেন।