তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গের সঙ্গে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের মশাল মিছিল

0
78

‘তিস্তা মহাপরিকল্পনা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। উত্তরবঙ্গের নিপীড়িত জনগোষ্ঠীর আন্দোলন সংগ্রামের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাবি শিক্ষার্থীরা এই মিছিল বের করে।

মিছিলটি ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের হল পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা তিস্তা নিয়ে ‘টালবাহানা, চলবে না চলবে না’, ‘তিস্তা পাড়ে মানুষ মরে, ইন্টেরিম কি করে?’ এবং ‘ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও’ সহ নানা স্লোগান দেয়।

মিছিলে ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসী মনোভাবের শিকার হচ্ছে, যা আর সহ্য করা হবে না। তিনি দাবি করেন, ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে। একই সঙ্গে তিনি দলমত নির্বিশেষে ক্যাম্পাসে সক্রিয় সব রাজনৈতিক সংগঠনকে একত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মাহরিব বলেন, তিস্তাসহ অন্যসব নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার।