অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বিধ্বস্ত বাংলাদেশ

0
60

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল। অন্যদিকে, এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো রেকর্ড শিরোপাজয়ী অস্ট্রেলিয়া, যারা পাঁচ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সোবহানা মোস্তারির ফিফটিতে ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে।

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক উদ্বোধনী জুটিতে ৩২ রান যোগ করেন। ফারজানা ৮ রানে ফিরলেও ঝিলিক (৫৯ বলে ৪৪ রান) শারমিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। ঝিলিকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোবহানা মোস্তারি। তিনি ৮০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। অজিদের পক্ষে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম ২টি করে উইকেট নেন।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে থাকেন তারা। মারমুখী ব্যাটিংয়ে হিলি ৭৭ বলে ১১৩ রানের সেঞ্চুরি তুলে নেন। লিচফিল্ডও ৭২ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়েই ১৫১ বল হাতে রেখে বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।