এক সপ্তাহের ব্যবধানে ফিলিপাইনে ফের ৬.১ মাত্রার ভূমিকম্প

0
53

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শুক্রবার (১৭ অক্টোবর) ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর এটি আবার আঘাত হানল।

প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা জানিয়েছেন, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিনি বলেন, “আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।”

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।

এর আগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প এলো, যাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছিলেন। সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ৭৬ জন নিহত হন এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ। উল্লেখ্য, ১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ৮ হাজার মানুষ মারা গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল, যা ছিল ফিলিপাইনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।