জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণ জানাতে হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ঐকমত্য কমিশনের সাক্ষাৎ

0
49

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা বহুল আলোচিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে ৮টা ২৫ মিনিট পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কমিশনের পক্ষ থেকে সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী বিএনপি চেয়ারপারসনের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। তারা কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানান। সাক্ষাতের সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, তারা ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণ জানাতে এসেছেন এবং ড. ইউনূস তার শারীরিক সুস্থতা কামনা করেছেন। তিনি জানান, খালেদা জিয়া এই দাওয়াতে আনন্দিত হয়েছেন। বদিউল আলম মজুমদার শুক্রবারের জাতীয় জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে উল্লেখ করেন।

মনির হায়দার চৌধুরী বলেন, তারা আশা করেন সব রাজনৈতিক দলই এতে অংশ নেবে। তিনি জানান, খালেদা জিয়া অংশগ্রহণ করুন বা না করুন, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তিনি এই সনদ স্বাক্ষরের সাফল্য কামনা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।