আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ২০তম ও শেষ দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে তারা গতকাল (বৃহস্পতিবার) জাপানকে বড় ব্যবধানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করে।
প্রথমে ব্যাট করতে নেমে জাপান ৯ উইকেটে মাত্র ১১৬ রানের পুঁজি দাঁড় করায়। জাপানের পক্ষে ৯ নম্বরে নামা ওয়াতারি মিয়াউচি সর্বোচ্চ ৪৫ রান করেন। জবাবে, সংযুক্ত আরব আমিরাত ৪৭ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে। দলের পক্ষে আলিশান শারাফু ৪৬ এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৪২ রান করেন।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তিনটি দলের। আমিরাতের আগে ওমান ও নেপাল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে। বাছাইপর্ব এখনো ওমানের আল আমিরাতে চলমান থাকলেও, জাপান হেরে যাওয়ায় আর কোনো দলের ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। এই অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে নেপাল ৪ ম্যাচে ৮ পয়েন্ট, আমিরাত ৫ ম্যাচে ৬ পয়েন্ট ও ওমান ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা সবার আগে অংশগ্রহণ নিশ্চিত করে। তাদের বাদ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দল হিসেবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে জায়গা করে নেয়। পরবর্তীতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে চূড়ান্ত পর্বে জায়গা পায়। বাকি ৮টি জায়গা পূর্ণ হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ওমান, নেপাল ও আরব আমিরাত যুক্ত হলো। এর আগে আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বাছাইপর্ব টপকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটে।