পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। এই সিরিজটি আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে হওয়ার কথা ছিল।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্স-এ জানিয়েছে, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এই হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় একটি ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাকিস্তানের হামলায় প্রাণ হারান।
আফগান বোর্ড এক বিবৃতিতে বলেছে, “তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য একটি বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি এবং লাহোরে এই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই সিরিজের মধ্য দিয়েই পাকিস্তানে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে দুই দেশের সেনাদের সংঘর্ষ এবং সীমান্তের উত্তেজনার কারণে সেটি আর হচ্ছে না।
গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত সংঘর্ষ এবং আফগানিস্তানের বিভিন্ন জায়গায় পাকিস্তানের বিমান হামলায় এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। দুই দেশের সম্পর্ক যখন খারাপ হচ্ছিল, ঠিক তখনই এই ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
এর আগে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, কিন্তু সেখানে তাদের পাকিস্তানের বিরুদ্ধে কোনো ম্যাচ ছিল না।