হুমকির মুখে অভিনেত্রী আহনা কুমরা

0
49

ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় পা রাখা অভিনেত্রী আহনা কুমরা ফের আলোচনায় এসেছেন। নাসিরুদ্দিন শাহের সঙ্গে ‘সোনা স্পা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ এবং ‘সালাম ভেঙ্কি’-র মতো ছবিতেও তিনি অভিনয় করেছেন।

তবে কাজের পাশাপাশি নানা সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় তার নাম উঠে এসেছে।

আলোচনার অন্যতম প্রধান কারণ ছিল ‘মিটু’ আন্দোলন চলাকালীন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ। অভিনেত্রী সালোনি চোপড়ার অভিযোগের সূত্র ধরেই আহনাও সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলেন।

সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় আহনা কুমরা আরও একবার খবরের কেন্দ্রে এসেছেন। অভিনেত্রীর দাবি, ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

আহনা কুমরা ‘রাইজ অ্যান্ড ফল’ নামক একটি অনুষ্ঠানে পবন সিংহের প্রতিযোগী ছিলেন। প্রতিযোগিতা চলাকালীন তাদের দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল। পরে অবশ্য দু’জনেই প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে যান এবং বিদায় নেওয়ার সময় একে অপরের কাছে ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু সেই ঝগড়ার প্রভাব এখনো আহনার জীবনকে প্রভাবিত করছে। নায়িকার অভিযোগ, সেই পুরোনো বিবাদের জেরেই পবন সিংহের ভক্তরা তাকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে চলেছেন।

বলিউড তাঁকে সেভাবে স্বীকৃতি না দিলেও, এসব বিতর্কের কারণেই অভিনেত্রী আহনা কুমরা বারবার চর্চার কেন্দ্রে চলে আসেন।