মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে অসাধারণ হ্যাটট্রিক করে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২০২৫ এমএলএস গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। একইসঙ্গে গতবারের মতো এবারও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন তিনি, যা তাকে টানা দুই বছর এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে স্থান দেবে।
শনিবার ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে মেসির তিন গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও রয়েছে। এই হ্যাটট্রিকের সুবাদে লিগের ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবারের মতো এমএলএস-এর শীর্ষ গোলদাতা হলেন এই আর্জেন্টাইন তারকা।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলএএফসি-এর ডিনেস বোয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সারিজ, যাদের দুজনেরই গোল সংখ্যা ছিল ২৪টি। এমএলএসে এক মৌসুমে মেসির ২৯ গোলের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে কেবল তিনজনের।
এই মৌসুমে গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও উজ্জ্বল ছিলেন মেসি। তিনি ১৯টি অ্যাসিস্ট করেছেন, যা লিগে সর্বোচ্চ। ইন্টার মিয়ামিকে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে নিয়ে যেতে তার এই অলরাউন্ড নৈপুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে মিয়ামি।
ইন্টার মিয়ামি কোচ জেভিয়ার মাশেরানো বলেছেন, “লিও সম্পর্কে আমি আর কী বলব? সত্যিটা হলো, আজও সে অসাধারণ ছিল, যেমনটা সে সবসময়ই থাকে।” তিনি আরও বলেন, এমভিপি পুরস্কারের জন্য মেসিই সবচেয়ে যোগ্য। গত বছর ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট নিয়ে মেসি এই পুরস্কার জিতেছিলেন। যদি এবারও তিনি এমভিপি জেতেন, তবে তা হবে তার আরেকটি ঐতিহাসিক অর্জন।