এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা দাবি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ

0
52

সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির নতুন প্রস্তাব প্রত্যাখ্যানের পর, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধিরা রোববার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সকালে অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দেয়। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষর করা অফিস আদেশে বলা হয়, ছয়টি শর্ত পালন সাপেক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়া হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে এই আদেশ জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা। তারা বর্তমানে জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এমপিওভুক্ত শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তাদের প্রধান দাবিগুলো হলো:

১. বাড়িভাড়া ভাতা: মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি। ২. মেডিকেল ভাতা: ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা। ৩. উৎসব ভাতা: মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ বৃদ্ধি।

এই দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শিক্ষকেরা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন।