ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডের দলে যুক্ত হলেন নাসুম আহমেদ

0
40

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলে যুক্ত করেছে।

গতকালে (১৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে বাংলাদেশ ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। দলের এই জয়ে স্পিনার রিশাদ হোসেন বড় অবদান রাখেন; তিনি ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছেন। রিশাদের পাশাপাশি বাংলাদেশ দলে স্পিনার হিসেবে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম আছেন। প্রয়োজনে অকেশনাল স্পিনার হিসেবে বল করতে পারেন সাইফ হাসানও।

নাসুম আহমেদ বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। ২০২২ সালে অভিষেকের পর তিনি এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমিতে ১৬ উইকেট শিকার করেছেন।

আগামী ২১ অক্টোবর মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ দল:
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।