জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে শোক: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক পালন

0
63

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনার জেরে ইতোমধ্যে আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জোবায়েদের স্মরণে প্রশাসন দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে।

  • শোকের দুই দিনেই বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে।

  • শোকের প্রথম দিন শোক সভা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক পালন করা হবে।

  • পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জোবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হলো। সাজসজ্জা থাকলেও লাইট জ্বলবে না। জোবায়েদ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, “আমাদের একটাই দাবি— হত্যাকাণ্ডের বিচার। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেব।” তিনি আরও জানান, প্রশাসন এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বসার উদ্যোগ নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোক শেষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।