বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল খান পুলক হাজী সেলিম ও সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষ: শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন।
আসামিপক্ষ: আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।