দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

0
57

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের আন্দোলন আরও জোরদার করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। তারা জানিয়েছেন, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় শাহবাগে অবস্থান করে মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবেন। এই মৌন মিছিল কর্মসূচিতে জেলাসদর ও উপজেলা সদরের শিক্ষকরাও অংশ নেবেন।

শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো মহাসমাবেশ করেন। সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, তাদের তিন দফা দাবি— বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধি— মেনে না নিলে তারা শ্রেণিকক্ষে ফেরত যাবেন না। এ সময় সকল শিক্ষককে প্রশিক্ষণ থেকে প্রত্যাহারেরও ঘোষণা দেওয়া হয়।

শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এর আগে অর্থ বিভাগ শিক্ষকদের বাড়িভাড়ায় ৫ শতাংশ বৃদ্ধির অনুমতি দিলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগের দিন, রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচিতে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ শিক্ষাভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছিল। ওই সময় শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন।

শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে।