ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত কমপক্ষে ১৫

0
26

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ট্রেনের জীর্ণশীর্ণ অবস্থা এবং অতিরিক্ত যাত্রী ও পণ্য বহনই ছিল এই দুর্ঘটনার মূল কারণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, গত সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় টিভি চ্যানেল ডায়র টিভির প্রতিবেদনে বলা হয়, দেভেলে শহর থেকে দিরে দাওয়া শহরের দিকে যাওয়া একটি চলন্ত ট্রেন লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৭ থেকে ২৯ জন আহত হয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি উল্টে পড়ে আছে এবং কিছু বগি সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

জেলাপ্রশাসক জিবরিল ওমর বিবিসিকে জানান, ট্রেনের জীর্ণশীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী ও পণ্য বহন করাই দুর্ঘটনার মূল কারণ। তিনি বলেন, “ট্রেনটি অনেক পুরোনো, ভারী বোঝা টানার সক্ষমতা নেই। অতিরিক্ত বোঝা বহনই ছিল দুর্ঘটনার বড় কারণ।”

তিনি আরও জানান, ট্রেনটিতে যাত্রীদের পাশাপাশি চাল, পাস্তা, ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের পণ্যও ছিল। দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। বেশিরভাগ যাত্রী ছিলেন তরুণ।

সোমালি আঞ্চলিক সরকারের মুখপাত্র মোহাম্মদ আদম জানান, নিহত ও আহতদের সবাইকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনা তুলনামূলক বিরল। যে সোমালি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে, তা দেশটির অন্যতম বৃহত্তম প্রশাসনিক এলাকা এবং সেখানে প্রধানত সোমালি জাতিগোষ্ঠীর মানুষই বসবাস করে।