উগান্ডার একটি প্রধান মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
উগান্ডা পুলিশের এক্স-পোস্টে জানানো হয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি কাম্পালা-গুলু মহাসড়কে ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওভারটেকিংয়ের সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষ এড়াতে চালকদের মধ্যে একজন বাস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলে একটি ‘চেইন রিঅ্যাকশন’ তৈরি হয়, যার ফলে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন।
আহতদের কিরিয়ান্দোঙ্গো হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে এখনও আহতদের সঠিক সংখ্যা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উগান্ডায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বহন ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণকে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।