সৌদি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

0
63

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিতব্য ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ (এফআইআই নাইন)-এর নবম সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে তিনি রওনা হবেন ও ২৭ অক্টোবর কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই তিনদিনের সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকার প্রধানকে এফআইআইতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনে উপস্থিত থাকবেন সৌদি আরব, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জাপান, রুয়ান্ডা ও সিরিয়ার উচ্চপর্যায়ের রাষ্ট্রনেতা, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসা জগতের শীর্ষ নেতৃত্বসহ গুগল, অ্যালফাবেট, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস ও সিটিগ্রুপের মতো বৈশ্বিক করপোরেট প্রধানরা।

এ আয়োজনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী আয় বৈষম্য, মুক্ত বাণিজ্য, টেকসই প্রবৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব, শক্তি রূপান্তর ও প্রযুক্তিগত উদ্ভাবন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ড. ইউনূস সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।