পিতাকে হত্যার অভিযোগে ছেলে বাদল গ্রেফতার

0
109

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিতাকে হত্যার অভিযোগে পলাতক ছেলে আব্দুল আওয়াল বাদল (৪২) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

বুধবার (২২ অক্টোবর) বিকাল সোয়া ৪টার দিকে র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বৃহস্পতিবার সকালে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার এজাহার অনুযায়ী বাদল মাদকাসক্ত ও উশৃঙ্খল প্রকৃতির। পারিবারিক কলহের কারণে তার স্ত্রী তিন সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে মাদকের টাকার জন্য বাদল তার পিতা আব্দুল মালেককে নানা সময় চাপ ও হুমকি দিতে থাকেন।

গত ১৭ অক্টোবর সকালে পিতা আব্দুল মালেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বাদল হঠাৎ ছুরি হাতে ঘরে ঢুকে সবাইকে বের করে দিয়ে পিতার বুকে ছুরিকাঘাত করেন। আহত মালেককে দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়।

র‌্যাব জানায়, হত্যা মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই বাদল পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।