অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: মজিবুর রহমান মঞ্জু

0
71

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সরকার একবার একদলকে, আবার আরেকবার অন্য দলকে খুশি করার নীতি গ্রহণ করেছে। এতে তাদের ওপর আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। নানামুখী বিশৃঙ্খলার কারণে এখনো নিশ্চিত নয় যে নির্বাচন সুষ্ঠু হবে কি না। বিএনপি-জামায়াত-এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন। সাংবাদিক মাহমুদুর রহমান ও প্রবীণ সাংবাদিক আবুল আসাদকে আক্রমণ ও কারাবন্দি করা হয়েছে। সাগর-রুনি হত্যার রহস্য উদ্‌ঘাটন না হওয়া এবং দেশের সম্পদ বিদেশে পাচার—এসবই প্রমাণ করে রাষ্ট্র এখন গভীর সংকটে।”

মজিবুর রহমান মঞ্জু বলেন, “গণঅভ্যুত্থানের পরও নিয়োগ ও বদলি বাণিজ্য চলছে। রাষ্ট্রের কাছে আমাদের দাবি খুবই সাধারণ—আমরা শুধু নাগরিক অধিকার ফিরে পেতে চাই।”

তিনি আরও অভিযোগ করেন, “কে ভারতের দালাল, কে পাকিস্তানের দালাল—এসব নিরর্থক বিতর্কে জাতিকে জড়ানো হচ্ছে। মৌলবাদী-নাস্তিক ইস্যুতে সমাজে বিভাজন তৈরি করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলো এসব বিতর্ক বন্ধ করতে পারছে না।”

বেকারত্ব সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো কার্যকর কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারছে না। মুখস্থ সমাধান নয়, বাস্তবভিত্তিক ও পরিকল্পনামূলক সমাধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা প্রশংসনীয় ছিল। এখন সময় এসেছে অতীতের বিভেদ ভুলে জাতীয় ঐক্য গঠনের।”

আগামী নির্বাচনে সব ঝুঁকি মোকাবিলা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দাবি জানান এবি পার্টির এই নেতা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক (খুলনা) ইয়ামিনুর রহমান ও যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন।

সভায় এবি পার্টির চেয়ারম্যান ঝিনাইদহের তিনটি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঝিনাইদহ-১: হাদীউজ্জামান খোকন, সদস্যসচিব, এবি যুব পার্টি
ঝিনাইদহ-২: অ্যাডভোকেট মতিয়ার রহমান
ঝিনাইদহ-৩: মুফতি মুজাহিদুল ইসলাম

তিনি আশা প্রকাশ করেন, এবি পার্টির প্রার্থীরা জনগণের আস্থা অর্জন করে ঝিনাইদহে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবেন।