কক্সবাজারের টেকনাফে পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙা পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এই লোকজনকে বাহারছড়া পিরিচভাঙা পাহাড়ে এনে জিম্মি করে রাখতো। এরপর তারা ভুক্তভোগীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করতো। কোস্টগার্ড বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ৪৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করে।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিকেলে জানানো হবে বলেও কোস্টগার্ড কর্মকর্তা জানিয়েছেন।