৬ দিনেও উদ্ধার হয়নি দশম শ্রেণির ছাত্রী, ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা

প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা, জানাল পরিবার

0
75

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ওমান প্রবাসী বাবার মেয়ে, এক দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ হওয়ার ছয় দিন পার হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। গত রবিবার (১৯ অক্টোবর) সকালে পুঠিয়া উপজেলার কার্ত্তিকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুঠিয়া থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন নিখোঁজ ছাত্রীর মা।

এজাহার সূত্রে জানা গেছে, নাবালিকা ওই ছাত্রী পুঠিয়া থানার বড়বড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে লেখাপড়া করে। ১৯ অক্টোবর সকাল ৭টার দিকে সে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পুঠিয়া-তাহেরপুরগামী পাকা রাস্তার কার্ত্তিকপাড়া পোড়াদহ সেতুর (ব্রীজের) ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে সেলিম এবং তার সঙ্গে থাকা আরও পাঁচ জন মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে। তারা ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে ছাত্রীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে ১৯ অক্টোবর তার পরিবার পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরের দিন, ২০ অক্টোবর ছাত্রীর মা শিরিনা বেগম বাদী হয়ে ৫ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

স্কুলছাত্রীর মা শিরিনা বেগম জানান, “আমার মেয়ে অপহরণের পর থানায় সাধারণ ডায়েরি এবং পরের দিন মামলা দায়ের করি। ঘটনাটি তদন্তপূর্বক আমার মেয়েকে উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন জানান, “তদন্ত অব্যাহত আছে। আমরা মেয়েটিকে উদ্ধারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”