এল ক্লাসিকো: রাফিনিয়াসহ একাধিক তারকা ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা

0
59

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগের মৌসুমে একচেটিয়া আধিপত্য দেখিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। চার ম্যাচের সবকটিতেই জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল। তবে নতুন মৌসুমে প্রথম এল ক্লাসিকোর আগে চোটের কারণে বেশ দুশ্চিন্তায় কাতালান ক্লাবটি।

হ্যামস্ট্রিংয়ের চোট না সারায় রিয়ালের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। গত শনিবার লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে চোটমুক্ত হয়ে ফিরেছিলেন দুই স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। রাফিনিয়ার ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন কোচ ফ্লিক, কিন্তু অনুশীলনে ফেরার পর বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে শুক্রবার অনুশীলনেও অংশ নেননি ২৮ বছর বয়সী এই তারকা।

আগামীকাল (রোববার) মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। রাফিনিয়া ঠিক কবে নাগাদ ফিরবেন তা নিশ্চিত নয়; ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। ইতোমধ্যে তিনি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সার শেষ পাঁচ ম্যাচে মাঠের বাইরে আছেন।

নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে, তবে তার আগেই রাফিনিয়ার ফেরার সম্ভাবনা খুবই কম। অক্টোবর উইন্ডোতেও জাতীয় দলের দুটি ম্যাচ মিস করেছেন তিনি।

এর পাশাপাশি বার্সেলোনার ইনজুরির তালিকাও বেশ দীর্ঘ। নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান এখনও মাঠের বাইরে। নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়া, মিডফিল্ডার গাভি, দানি ওলমো এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডফস্কিও এল ক্লাসিকোয় খেলতে পারবেন না। তাছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

সব মিলিয়ে বড় ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় কোচ হ্যান্সি ফ্লিক। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে তিনিও এল ক্লাসিকোয় ডাগআউটে থাকতে পারবেন না। ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।