ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দলীয় প্রচারপত্র বিতরণ শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর উপজেলার পৌর এলাকার আদালত পাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল (৫২) উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানান, ঘটনার দিন মফিজুর রহমান মুকুল দিনভর উপজেলার বীটঘর বাজারে নেতাকর্মীদের সঙ্গে দলীয় প্রচারপত্র বিতরণ করেন। সন্ধ্যায় তিনি উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয়ে যান। এরপর পৌর এলাকার পদ্মপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
রাত ৮টা ১০ মিনিটে বাড়ির সামনে আদালতপাড়া অতিক্রমের সময় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে মফিজুরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, “মফিজুর রহমানের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “মফিজুর রহমান গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা কেন তাকে গুলি করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।”