‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, সোমবার জমা পড়ছে চূড়ান্ত প্রস্তাব

0
49

দীর্ঘ এক বছরের আলোচনার পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন সোমবার (২৭ অক্টোবর) সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দিতে যাচ্ছে।

কমিশনের এক সদস্য জানান, সোমবার বিকেলে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ হস্তান্তর করা হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ চূড়ান্ত করেছি। খুব শিগগিরই তা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।”

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয় গত ১৭ অক্টোবর। ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা এবং কমিশনের সদস্যরা ওই দলিলে স্বাক্ষর করেন।

দলিল স্বাক্ষরের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। এটি বিশ্বের জন্যও এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

মূল স্বাক্ষরের দুই দিন পর গণফোরামও সনদে যুক্ত হয়। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বামঘরানার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ (মার্কসবাদী)— সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলেও স্বাক্ষর করেনি।

জুলাই জাতীয় সনদে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের নীতিমালা প্রস্তাব করা হয়। কমিশনের সুপারিশ প্রতিবেদনে এসব বিষয়ে বাস্তবায়ন প্রক্রিয়ার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।