ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের অবসান ঘটেছে। অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী।
দিন কয়েক আগে তার দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই গুঞ্জনের সূত্রপাত হয়। স্ট্যাটাসের ভাষা নিয়ে নেটিজেনদের নানা মন্তব্য ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে বিস্তারিত ব্যাখ্যা দেন পূর্ণিমা। সেখানে তিনি স্বামী রবিনের আইডি ট্যাগ করে পোস্টটি প্রকাশ করেন।
স্ট্যাটাসে পূর্ণিমা লেখেন, সুসময়ে অনেক বন্ধুই পাশে থাকেন, কিন্তু দুর্দিনে প্রকৃত বন্ধুকে চিনতে হয়। জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকেই তার আগের পোস্টটি দেওয়া হয়েছিল—এর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “প্রতিটি মানুষের চারপাশে যা ঘটে, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে ওই লেখাটি লেখা হয়েছিল। দিনশেষে আমিও একজন মানুষ, আমারও কাছে-দূরের মানুষ রয়েছে।”
অভিনেত্রী উল্লেখ করেন, কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই পারিবারিক জীবনের সঙ্গে সেই স্ট্যাটাসের মিল খুঁজে “চটকদার শিরোনাম” দিয়েছে, যা তাকে এবং তার পরিবারকে কষ্ট দিয়েছে।
পূর্ণিমা আরও বলেন, “আমার দেওয়া স্ট্যাটাসের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা স্বামী-স্ত্রী এবং আমাদের পরিবার অনেক ভালো আছি।”
দীর্ঘ ক্যারিয়ারে দর্শক ও সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এই জনপ্রিয় নায়িকা। তিনি আশা ব্যক্ত করেন, আগামীতেও এই ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে।