সৌদি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায় জোর

0
62

পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক নতুন গতি পাচ্ছে। বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে রিয়াদ সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফরকে দুই দেশের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

রবিবার (২৬ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। তিনি সেখানে অংশ নেবেন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) নাইন’ সম্মেলনে, যা বৈশ্বিক বিনিয়োগ খাতের অন্যতম প্রভাবশালী আয়োজন হিসেবে বিবেচিত।

বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা, জ্বালানি সহযোগিতা জোরদার করা, এবং আন্তর্জাতিক পরিসরে অর্থনৈতিক কূটনীতি আরও শক্তিশালী করা।

সফরকালে শেহবাজ শরীফ সৌদি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া তিনি সম্মেলনে অংশগ্রহণকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও মতবিনিময় করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরকে তারা অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে দেখছে। পাকিস্তান টেকসই উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর বিনিয়োগে সৌদি আরবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর শেহবাজ শরীফের রিয়াদ সফরে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর সামরিক আক্রমণ হলে তা উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। পাশাপাশি, দুই দেশের সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথ কৌশলগত সহযোগিতা জোরদার করবে।

এই নতুন সফরকে তাই অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র : জিও নিউজ