নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা জয়ে রাঙাতে মুখিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। অন্যদিকে, ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে।
হারমানপ্রীত কৌরের দলের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ। কারণ, ঘরের মাটিতে এই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে টাইগ্রেসদের। এবার প্রতিপক্ষের মাঠে খেললেও, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে চমকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
তবে এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিং বিভাগ। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে চাপে ফেললেও, জ্যোতি-সুপ্তাদের ব্যাটে রান রেট ধরে রাখতে ব্যর্থতা এসেছে বারবার।
টুর্নামেন্টের শুরুতে পাকিস্তানের বিপক্ষে জয়, কিন্তু পরে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে লড়াই করেও জয় না পাওয়া—এই ধারাবাহিকতাই চাপে ফেলেছে দলকে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হেরে যাওয়াটা বড় ধাক্কা হয়ে এসেছে।
শক্তিমত্তায় নিঃসন্দেহে ভারত এগিয়ে। আগের ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মৃতি মান্ধানা—যিনি পেয়েছেন সেঞ্চুরি। প্রতীকা রাওয়াল ও জেমাইমা রদ্রিগেজও আছেন দারুণ ছন্দে। বল হাতে কার্যকরী পারফর্ম করছেন দীপ্তি শর্মা, ক্রান্তি ও রেনুকা।
তাই আজকের ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জটা থাকবে মূলত বোলারদের কাঁধে। মারুফা আক্তার, তৃষা ও নাহিদারা যদি শুরুতেই উইকেট তুলতে পারেন, তবে ম্যাচে রোমাঞ্চ ফেরানো সম্ভব। ব্যাট হাতে জ্যোতি, ফারজানা ও সুপ্তাদের স্ট্রাইক রেটে মনোযোগ দিতে হবে, যেন মাঝ ও শেষের ওভারে চাপ না পড়ে।
ঘরের মাঠে খেলায় ভারত স্বাভাবিকভাবেই এগিয়ে, তবে দুই প্রতিবেশীর লড়াই মানেই বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নারী দল প্রমাণ করেছে, তারা আর সহজ প্রতিপক্ষ নয়। আজও সেই বিশ্বাস নিয়েই মাঠে নামছে টাইগ্রেসরা।