ম্যাচ চলাকালে বরিশাল দলের ফিজিও হাসান আহমেদের মৃত্যু

0
103

খুলনা-বরিশালের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনের খেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৪৭ বছর বয়সী হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিসিবির বিবৃতিতে জানানো হয়, তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটিভি)-এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।

হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল কালো ব্যাজ পরে খেলবে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনেও অংশ নেওয়া দলগুলো মরহুমের স্মরণে শ্রদ্ধা জানাবে।