বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ অক্টোবর) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই অভিযোগ গঠনের আদেশ দেন।
অভিযুক্ত অন্য তিন আসামি হলেন: ১. কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান ২. কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ৩. শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা
মামলার প্রেক্ষাপট: গত ৬ অক্টোবর হানিফসহ চার জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-২ আমলে নিয়েছিলেন। এরপর গত ১৪ অক্টোবর তাদের হাজিরের জন্য জাতীয় দৈনিক দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
৫ অক্টোবর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এতে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জন হত্যাকাণ্ডের শিকার হন এবং বেশ কয়েকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনু ও মাহবুবউল আলম হানিফসহ পাঁচ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল। পরে তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করে।