জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে কটূক্তির অভিযোগে তরুণী গ্রেফতার

0
41

রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।

গ্রেফতার তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। তিনি নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও যোদ্ধাদের সম্পর্কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তি করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল আকারে আপলোড করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ডিবি পুলিশ জানায়, ফাইজার অনলাইন কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে নানা পোস্ট ও ভিডিও শেয়ার করতেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ পরিচালনা করতেন।

এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের একজন ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে। সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেন যে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। মঙ্গলবার আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।