সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর নদী থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

0
54

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর গাজীখালী নদী থেকে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম মুরাদ (৬)। সে বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। মুরাদের দাদা নাজিমুদ্দিন জানান, সোমবার বিকেলে মুরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে স্থানীয়রা গাজীখালী নদীতে ভাসমান অবস্থায় মুরাদের লাশ দেখতে পেলে পুলিশে খবর দেয়। পরে সাটুরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রনজিৎ সাহা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।