জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: আমীর খসরু

0
58

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজনের প্রশ্নে বিএনপি তাদের পূর্বের অবস্থানেই অনড় রয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর বাইরে যাওয়ার বা নতুন আলোচনার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং তাবিথ আউয়ালসহ দলের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যরা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ঐক্যমত্য কমিশন যে গণভোট নির্বাচন আগে বা আলাদা দিনে করার সুপারিশ করেছে, তা বিএনপি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, “বিএনপির অবস্থান পরিষ্কার—গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে, দুটি ব্যালটে অনুষ্ঠিত হবে। এর বাইরে কোনো সুযোগ বা আলোচনার দরজা খোলা নয়।”

তিনি আরও বলেন, “যারা সুপারিশ করছে তারা নির্বাচন করবে না, ভোট করবে রাজনৈতিক দলগুলো। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো দল বা পক্ষ কিছু বললে সেটা তাদের বিষয়, বিএনপির নয়। আমাদের অবস্থান প্রথম দিন থেকে যেমন ছিল, এখনো তাই রয়েছে, ভবিষ্যতেও পরিবর্তন হবে না।”

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “উনি খুব শিগগিরই দেশে ফিরবেন। সময়মতো সঠিক সিদ্ধান্ত নেবেন। বিষয়টি এখন প্রস্তুতি পর্যায়ে।”

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য এবং প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও আলোচনা হয় বলে জানান আমীর খসরু।