সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

0
57

সিরাজগঞ্জ জেলা কারাগারে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৬) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।

আহমদ মোস্তফা খান জেলার এনায়েতপুর গ্রামের মৃত আবু মুসার ছেলে। সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা জানান, চলতি বছরের ২৪ এপ্রিল তাকে কারাগারে আনা হয়। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহমদ মোস্তফা খান বাচ্চুর বিরুদ্ধে এনায়েতপুর থানায় হত্যা মামলাসহ চারটি মামলা চলমান ছিল।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।