ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপির হতাশা: সালাহউদ্দিন আহমদ

0
63

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষর হয়েছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত মূল সুপারিশগুলো অনুপস্থিত। বলা হয়েছে, ৪৮টি দফার ওপর গণভোট হবে, অথচ এই আলাপ আমাদের সঙ্গে কোনো পর্যায়ে হয়নি।”

সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, “যদি শেষপর্যন্ত বিএনপির প্রস্তাব উপেক্ষিত হয়, তাহলে এতদিনের আলোচনা ও পরিশ্রমের মানে কী? আমাদের বলা হয়েছিল, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এখন দেখি, ঐকমত্য নয়—কমিশন ও কয়েকটি দলের প্রস্তাবই স্থান পেয়েছে।”

বিএনপি নেতা আরও বলেন, “কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তাদের প্রস্তাবই জাতিকে বিভক্ত করছে। এতে অনৈক্য বাড়ছে, ঐক্যের সম্ভাবনা নেই। তারা কী উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিচ্ছে, তা আমরা স্পষ্ট নই।”

আরপিও ও দলীয় প্রতীকের বিষয়ে সালাহউদ্দিন বলেন, “জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল। কিন্তু এখন একতরফাভাবে বলা হয়েছে, সবাইকে নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে। এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত, এবং বিস্ময়করভাবে কিছু দল তা সমর্থন করছে, যা অনভিপ্রেত।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিই তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখতে চায়, তাহলে তাদের সেই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। তবে এখন পর্যন্ত ঐকমত্য কমিশন ও সরকারের উদ্যোগে আমরা হতাশ।”