বিপিএলে স্বার্থের সংঘাত ঠেকাতে কঠোর অবস্থানে বিসিবি

0
54

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে বারবার দেখা দেওয়া স্বার্থের সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) অভিযোগ এবার আর মেনে নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বাদশ আসর শুরুর আগে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বোর্ডের কোনো কর্মকর্তা বা পরিচালক যদি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকেন, তবে তাঁকে বিপিএলের গভর্নিং কাউন্সিলের পদ ছাড়তে হবে।

বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন বিপিএলে বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতে আবেদন করেছে আকাশবাড়ি হলিডে, রাজশাহীর জন্য নাবিল গ্রুপ এবং নোয়াখালির জন্য বাংলা মার্ক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির তিন পরিচালক সংশ্লিষ্ট আছেন বলে জানা গেছে।

বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, “এবার আমরা পরিচালকদের সবার কাছ থেকে ইনডেমনিটি ও সেলফ-ডিক্লারেশন নেব। কে কোন দলের সঙ্গে যুক্ত আছেন, সেটা স্পষ্টভাবে জানানোর বাধ্যবাধকতা থাকবে। গভর্নিং কাউন্সিলের কেউ যদি কোনোভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাঁকে ওই পদ থেকে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিপিএলের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব ধরে রাখতে এটা সময়ের দাবি। আমরা চাই না, কোনো পরিচালকের সম্পৃক্ততার কারণে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক।”

গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আশা প্রকাশ করে বলেন, “আমরা চাই এবারের বিপিএলে যেন কোনো রকম কনফ্লিক্ট অব ইন্টারেস্ট না হয়। সদস্যদের সেলফ-ডিক্লারেশন ব্যবস্থা থাকবে এবং যিনি কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, তাঁকে সংশ্লিষ্ট সভায়ও ডাকা হবে না।”

তিনি যোগ করেন, “আইপিএলেও একসময়ে একই ধরনের সমস্যা ছিল। আমরা চাই বিপিএল যেন আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক টুর্নামেন্ট হিসেবে গড়ে ওঠে।”