সমতা ফেরাতে আজ মাঠে বাংলাদেশ: ঘুরে দাঁড়ানোর লড়াই চট্টগ্রামে

0
74

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে হারের পর আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামবে লিটন দাসের দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণেই হার দেখতে হয়েছে বাংলাদেশকে। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলটি গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ১৪৯ রানে। ১২ ওভারের মধ্যেই ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায় আগেভাগেই। শেষদিকে তানজিম হাসান সাকিব (৩৩), নাসুম আহমেদ (২০), তাসকিন আহমেদ (১০) ও মুস্তাফিজুর রহমান (১১ অপরাজিত) কিছুটা লড়াই করলেও জয় পাওয়া যায়নি।

এর আগে ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন ক্যারিবীয় জুটি শাই হোপ ও রোভম্যান পাওয়েল। তিন উইকেটে ৮২ রানে থাকা দলকে ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন তারা। হোপ ২৮ বলে ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দুজনের ব্যাটে আসে ১টি চার ও ৪টি ছক্কা করে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, “আমরা যদি শুরুতে উইকেট নিতে পারতাম, তাহলে তাদের ওপর চাপ থাকত। শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে ভালো বোলিং করেছি। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।”

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, “যখন পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন হয়, তখন অধিনায়কত্ব সহজ হয়ে যায়। প্রথম ম্যাচে দলীয় পারফরম্যান্সে আমি খুশি এবং ধারাবাহিকতা চাই।”

আজকের ম্যাচে সমতা ফেরাতে বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচ জেতা একাদশ নিয়েই মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে, আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।