হামাসের ২ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

0
46

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েল আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) মরদেহগুলো গাজার খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে রেডক্রসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠিয়েছিল।

গত ১৩ অক্টোবর দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তিতে বলা হয়েছিল, হামাস একজন জিম্মির মরদেহ দিলে ইসরায়েল ১৫টি মরদেহ ফেরত দেবে। সেই চুক্তি অনুযায়ী, হামাস ২ জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় ইসরায়েল ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে।

মরদেহগুলো পাওয়ার তথ্য নিশ্চিত করে আল নাসের হাসপাতাল কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, “বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ৩০ ফিলিস্তিনি বন্দির মরদেহ ইসরায়েল থেকে গ্রহণ করা হয়েছে।”

যুদ্ধবিরতি শুরুর পর দখলদাররা এখন পর্যন্ত মোট ২২৫ জনের মরদেহ ফেরত দিয়েছে। ইসরায়েলের কাছে এখনো বহু ফিলিস্তিনির মরদেহ রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে সেখানে আছে।

যুদ্ধবিরতি কার্যকরের দিনই হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ২০ জন জীবিত জিম্মিকে ফেরত দিয়েছিল। এরপর ধীরে ধীরে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু করে তারা। জানা গেছে, মৃত জিম্মিদের মরদেহ যেসব জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলোর কিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং এগুলো উদ্ধারে আরও সময় লাগতে পারে।

তবে যুদ্ধবিরতির মধ্যেই দুইবার চুক্তি লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল। তারা গাজায় ব্যাপক হামলা চালিয়ে নতুন করে প্রায় ১৬০ জনকে হত্যা করেছে। এরমধ্যে শুধুমাত্র একরাতে ১০৪ জনকে হত্যা করার ঘটনা ঘটেছে।