সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হলেন রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান

0
19

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। নতুন জারি হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর আলোকে তাকে এই দায়িত্ব অর্পণ করা হলো।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অংশ হিসেবে সুপ্রিম কোর্টে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

এতে আরও জানানো হয়, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এখন থেকে একযোগে তিনটি দায়িত্ব পালন করবেন—সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ৪(২) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিয়োগের কথা উল্লেখ রয়েছে। এই বিধানের আলোকে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেলেন মুহাম্মদ হাবিবুর রহমান।