সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

0
2
সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একই সাথে দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, এমন প্রত্যাশাও করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সফরসূচি অনুযায়ী, সকালে গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আয়োজিত আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা দীর্ঘদিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে। বিশেষ করে ঢাকা-বরিশাল ছয় লেন মহাসড়ক নির্মাণ, বরিশালে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের মতো প্রকল্পে সরকারের সুস্পষ্ট ঘোষণা বা প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যও অনেকটাই কমে যাবে।

সফরকে সফল করতে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন, বরিশালের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সেখানে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল, গণসংযোগ ও প্রচার কর্মসূচি অব্যাহত রয়েছে। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলায় স্বাগত মিছিল ও প্রচার কার্যক্রম চলছে। এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান আক্তার শিরিন বলেন, বরিশালবাসী প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানাতে প্রস্তুত। তার মতে, এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন সম্ভাবনারও সূচনা করবে। জনগণের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী ইতিবাচক দিকনির্দেশনা দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিনের আলোচিত মেগা প্রকল্পগুলো নিয়ে স্পষ্ট ঘোষণা এলে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here