পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গাড়িতে বোমা হামলায় নিহত ৩

0
26

পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) আঞ্চলিক পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। কয়েক দিনের মধ্যে এ নিয়ে ওই অঞ্চলে তৃতীয়বারের মতো পুলিশকে টার্গেট করে হামলা হলো।

পুলিশের মুখপাত্র জানান, রাস্তায় পুঁতে রাখা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) পুলিশের গাড়ি কাছে আসার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিও চালায়। এতে ঘটনাস্থলেই একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং দুই পুলিশ সদস্য প্রাণ হারান।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে বান্নু জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য এবং উত্তর ওয়াজিরিস্তানের সহকারী কমিশনার শাহ ওয়ালিউল্লাহসহ চারজন নিহত হওয়ার ঘটনার পর এটি আরও এক নতুন হামলা।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং আঞ্চলিক গভর্নর ফয়সাল কুন্ডি হামলার নিন্দা জানিয়েছেন।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। পুলিশের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে শুধু খাইবার পাখতুনখোয়াতেই ৬০০টির বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড হয়েছে। এসব ঘটনায় ৭৯ জন পুলিশ এবং ১৩৮ জন বেসামরিক মানুষ নিহত হন।