চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক নিরীহ দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেবেন।
ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে মহানগর হলরুমে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমানসহ বিভিন্ন জোন পরিচালক, মজলিসে শুরা সদস্য এবং থানা আমিররা।
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে দলীয়করণ এবং আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, মানুষের মরদেহ নদীতে ফেলে দেওয়া মানবতার চরম লঙ্ঘন। বিএসএফ-এর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তাদের মতে, সীমান্তে আবারও হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, বিএসএফ কর্তৃক নিহত রিংকু ছিলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে এবং মমিন আলী পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।