‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই এখন ভোট চাইছে’: মির্জা আব্বাস

0
77

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা এখন জনগণের কাছে ভোট চাইছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক মাঠে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এতে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।” তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে।

তিনি বলেন, “কারও কারও বক্তব্য এমন পর্যায়ে যায় যে ভোট না দিলে জান্নাত–জাহান্নামের কথা বলা হচ্ছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।”

মুক্তিযুদ্ধের সময় রাজাকার ও আলবদর পরিচিত গোষ্ঠীর ভূমিকার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছিল, আজ তারাই আবার বড় বড় কথা বলছে এবং ভোট চাইছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?”

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, “জামায়াত মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামের প্রকৃত চেতনায় নয়। তাদের শুধু মুসলমানের লেবাস আছে।” তিনি দেশবাসীকে এসব দলের কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।