নতুন দুটি মামলায় সেলিনা হায়াত আইভীর জামিন নামঞ্জুর

0
31

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমানে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন দুটি মামলায় নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পর আইভীকে নতুন করে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। ওই পাঁচটির মধ্যে দুটি মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইভীর আইনজীবীরা। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন দুই মামলায় আইভীর আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এই দুই মামলার কোনো এজাহারেই সেলিনা হায়াত আইভীর নাম নেই। তবুও তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে রয়েছেন। এরপর তাকে আরও চার মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় পুলিশ।

পরে ৯ নভেম্বর হাইকোর্ট পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন। তবে সেই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করে। এদিকে একই সময়ে পুলিশ নতুন করে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নতুন পাঁচ মামলার মধ্যে আজ দুটি মামলায় জামিন আবেদন খারিজ হওয়ায় আপাতত আইভীর মুক্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।