বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

0
57

দীর্ঘদিন ধরে ভয়াবহ বায়ুদূষণের কবলে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকার একিউআই স্কোর ৩০২—যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।

এ সময় ২৬৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। তৃতীয় অবস্থানে থাকা কলকাতার স্কোর ২৩৪। পাকিস্তানের লাহোর ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৮৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’। ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১–৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বায়ুদূষণের এই ক্রমাবনতিশীল পরিস্থিতিতে বিশেষজ্ঞরা অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।