জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ।
নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চর জালালেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে দিপু বাবু (২২) এবং একই এলাকার আব্দুল জলিলের ছেলে রাসেল (২২)। আহত শ্যামল বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকামুখী কাঁচা মরিচবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। পরে সার্জারি বিভাগে ভর্তি দিপুও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার সময় ট্রাকচালক কৌশলে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় জলিল মণ্ডল বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রাক আর মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ঘটনাস্থলেই মৃতের মতো পড়ে ছিল। হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছে।”
ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। ট্রাকচালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।