বাউলদের কটূক্তি ও ইসলাম অবমাননার প্রতিবাদে মানিকগঞ্জে হেফাজতে ইসলামের বিশাল মহাসম্মেলন: ৫ দফা দাবি পেশ

0
22

বাউলদের দ্বারা আল্লাহকে নিয়ে কটুক্তি এবং ইসলাম অবমাননার প্রতিবাদে শনিবার (৬ ডিসেম্বর) মানিকগঞ্জে হেফাজতে ইসলামের এক বিশাল “শানে তাওহীদ” মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই সম্মেলনে দেশের বরেণ্য আলেম-ওলামা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম অংশ নেন।

বিতর্কিত বাউল আবুল সরকার কর্তৃক ধর্ম অবমাননার প্রতিবাদ এবং তৌহিদী জনতার ওপর চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

হেফাজতে ইসলাম মানিকগঞ্জের সভাপতি মুফতি শাহ্‌ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।

মধুপুর পীর সাহেবের কঠোর হুঁশিয়ারি
মহাসম্মেলনে উপস্থিত থেকে মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামীদ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি অবিলম্বে লালন তিরোধান দিবসকে জাতীয় দিবস থেকে বাতিল করার জোর দাবি জানান।

তিনি সরাসরি মানিকগঞ্জের ডিসি ও এসপিকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘‘ওলামায়ে কেরামকে হয়রানি করা হলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’’ তিনি জোর দিয়ে বলেন, ‘‘বাংলাদেশ আলেম-ওলামার দেশ, ওলীদের দেশ, তাবলীগের দেশ, ইসলামের দেশ। এখানে ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না।’’

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘প্রয়োজনে জনতা কাফন পড়ে আসবে, রক্তের মিছিল হবে লাশের মিছিল হবে তবুও আল্লাহ ও আল্লাহর রাসুলের উপর কোনো অপমান সহ্য করা হবে না।’’ তিনি রাজপথে ইসলামের বিরোধী শক্তিকে মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও ইসলামী গবেষক মুফতি রিজওয়ান রফিকী বাউলদের নানা ভ্রান্ত মতবাদ তুলে ধরে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

মহাসম্মেলন থেকে ৫ দফা দাবি পেশ
মহাসম্মেলনে তৌহিদী জনতাকে সাথে নিয়ে হেফাজতে ইসলাম মানিকগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান গুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পেশ করেন:

১. মহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন-সুন্নাহ অবমাননায় সর্বোচ্চ শাস্তির আইন (মৃত্যুদণ্ড) পাশ করতে হবে।

২. ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে।

৩. ওরশ, মাজার, মেলা এবং পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার ও অশ্লীলতা বন্ধ করতে হবে।

৪. ড. ইউনুস সরকার ঘোষিত ১৭ অক্টোবর লালন তিরোধান দিবস বাতিল করতে হবে।

৫. তাওহীদী জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

মহাসম্মেলনের সমাপ্তি পর্বে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় যে, আবুল সরকার সহ আল্লাহ ও রাসূলের অবমাননাকারীদের বিচার না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।