কান ধরে ক্ষমা চাইলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত

0
83

জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে ‘Knowledge’ বানান ভুল লেখার কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে নেটিজেনদের কাছে কান ধরে ক্ষমা চেয়েছেন ভারতীয় বাংলা টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী স্বস্তিকা দত্ত। ৩১ বছর বয়সী এই আলোচিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তাঁর ভুলের দায় স্বীকার করেন।

স্বস্তিকা অভিনীত ধারাবাহিকটির একটি এপিসোডের কয়েক সেকেন্ডের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ক্লাসের ব্ল্যাক বোর্ডে ইংরেজি হরফে লেখা— ‘Knowlege is power’। সঠিক বানানটি (‘Knowledge’) থেকে ভুলবশত ‘d’ বর্ণটি বাদ পড়ে যায়। শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত একটি ধারাবাহিকে এমন মারাত্মক ভুল হওয়ায় দর্শক-নেটিজেনদের সমালোচনার শিকার হন শিল্পী ও কলাকুশলীরা।

সমালোচনার মুখে স্বস্তিকা দত্ত নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কান ধরে ভুল স্বীকার করেন। কারণ বানানটি তারই হাতে লেখা ছিল।

স্বস্তিকা বলেন, ‘‘এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। আসলে ২১ মিনিটের এপিসোডের জন্য যে পরিমাণ ব্যস্ততা থাকে, তাতে এরকম ভুল হয়ে যায়। তবে ভুল তো ভুলই, এর ক্ষমা হয় না। কিন্তু সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নই।’’

তাড়াহুড়ো করে বানানটি লিখতে গিয়ে ভুল করার কথা জানিয়ে তিনি হাত জোড় করে এবং কান ধরে ক্ষমা চান। তিনি ব্যাখ্যা করে বলেন, শিক্ষিকা বিদ্যা ব্যানার্জি যেমন তার ছাত্র-ছাত্রীকে ভুল করলে শাস্তি দেন, ঠিক তেমনই তিনি ভুল করেছেন, তাই ক্ষমা চেয়ে নিচ্ছেন।

শুটিং সেটে কাজের প্রচণ্ড চাপ ব্যাখ্যা করে স্বস্তিকা দত্ত লেখেন, প্রত্যেক দিনের ১৪ ঘণ্টার শুটিংয়ের মধ্যে প্রযোজক, পরিচালক, সহ প্রযোজক, ক্যামেরা পরিচালক এবং আর্টিস্টদের সিন মুখস্ত করা সহ নানা ব্যস্ততা থাকে। একটি অত্যন্ত ‘হাই ড্রামা সিন’ থাকার ফলে তাড়াহুড়ো করে ব্ল্যাকবোর্ডে লেখার সময় কেবল ‘D’ অক্ষরটি বাদ পড়ে গিয়েছিল, যা তাদের কারও চোখেই পড়েনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, ‘‘আমাদের প্রজেক্টটা সবে নিঃশ্বাস নেওয়া শুরু করেছে… তার মাঝে ঘটে গেছে একটা ‘Silly Mistake by Me and My Team’।’’

তিনি দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই ধারাবাহিকটি প্রথম দুই সপ্তাহেই টিআরপি চার্টে চ্যানেল টপার হয়েছে।

উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে পা রাখা স্বস্তিকা দত্ত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরেছেন। নাটকটি বর্তমানে স্টার জলসায় প্রচারিত হচ্ছে।